পবিত্র রমজান মাসকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদরের মুন্সীর হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশের সহায়তায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাংসের বাজার, মুদি দোকান, মুরগির বাজার ও ফলের দোকান ঘুরে দেখা হয়।
অভিযানকালে ফলের দোকানে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেয়া হয়। ক্রয়মূল্যের তুলনায় অতিরিক্ত দামে তরমুজ বিক্রি নিরুৎসাহিত করা হয়। পরে ক্রয়মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তরমুজের বিক্রয়মূল্য নির্ধারণ করে উপস্থিত ক্রেতাদের মাঝে তা বিক্রির উদ্যোগ নেয়া হয়।
এ ছাড়া ক্রয়মূল্যের তুলনায় বেশি দামে ফল বিক্রি করায় এক ফল ব্যবসায়ীকে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(ঞ) ধারায় জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত থেকে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়।









