মা-বাবার কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ার ক্ষোভে ছয় বছর বয়সী ছোটভাইকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বড়ভাই। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুরের বড় হযরতপুর ইউনিয়নের রাম রায়ের পাড়া গ্রামে।
বুধবার (৪ জুন) দুপুরে লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে মিঠাপুকুর থানার ওসি(তদন্ত) রফিকুল ইসলাম জানান, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রাম রায়ের পাড়া গ্রামের জহুরুল ইসলামের মাদকাসক্ত ছেলে জাহিদ হোসেন(১৯) বুধবার সকাল থেকেই নেশার টাকার জন্য তাকে এবং তার মায়ের ওপর চাপ তৈরি করে। তারা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়। কিছু বুঝে ওঠার আগেই রান্না ঘর থেকে বটি এনে ছয় বছর বয়সী ছোটভাই মিনু মিয়ার গলা এবং পেটে কোপায়। এতে গলা দ্বি-খন্ডিত ও পেটের নাড়িভুরি বের হয়ে ঘটনাস্থলেই মারা যায় মিনু মিয়া। এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। এরপর সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নৃশংস এই ঘটনায় ওই এলাকায় একদিকে ক্ষোভ অন্যদিকে শোকের ছায়া নেমে এসেছে। জহুরুলের পাঁচ ছেলে-মেয়ের মধ্যে জাহিদ তৃতীয় এবং মিনু মিয়া ছোট। জাহিদ নেশার সাথে জড়িত। কোনোভাবেই তাকে নেশা থেকে ফেরানো যাচ্ছে না। নেশার টাকা না দেয়ার কারণেই সে এ হত্যাকাণ্ড ঘটায়। এ ঘটনায় তার বাবা হত্যা মামলা করেছেন। জাহিদকে গ্রেফতার করা হয়েছে।









