কুমিল্লার দেবিদ্বারে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা করার ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (২৪ মে) দুপুরে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ। এর আগে শুক্রবার দিবাগত রাতে পৃথক তিন অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকার মরহুম জয়নাল আবেদীনের ছেলে পৌর স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুর রাজ্জাক (৩৮)। উপজেলার বরকামতা ইউনিয়নের মতিন সরকারের ছেলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: ইমরান সরকার (২৮), ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদস্য ফরহাদ হোসেন (২৩)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তিনজনকেই তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা এজহার নামীয় আসামি। তারা গত ৪ আগষ্টে আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। যার ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে শনাক্ত করা হয়েছে। গ্রেফতার রাজ্জাক সরকার স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেলকে প্রকাশ্যে গুলি করে হত্যা এবং বাকী দু’জন শিক্ষার্থী আবু বকরকে পিটিয়ে আহত করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





