মাদক সম্রাট, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বগুড়া শহর যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) দুপুরে তাকে বগুড়া আদালতে তুলা হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মরহুম মজিবর রহমান সরকারের ছেলে।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার বলেন, ‘মতিনের বিরুদ্ধে দশের অধিক হত্যা মামলা ছাড়াও অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। পরে জেলা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এদিকে রোববার দুপুরে তাকে আদালতে তুলার সময় আদালত চত্বরে তাকে উদ্দেশ্য করে কিল-ঘুষি ও ডিম নিক্ষেপ করে বিক্ষুদ্ধ জনতা। এছাড়া তার শ্যালক শাকিলকে গণধোলাই দেয় জনতা।
উল্লেখ্য, ২০১৭ সালে মতিন সরকারের ছোট ভাই শ্রমিক লীগ নেতা তুফান সরকার নারী নির্যাতন মামলায় দেশব্যাপী আলোচিত হন। বর্তমানে মতিন ছাড়াও তার অন্য ভাই তুফান সরকার ও সোহাগ সরকার কারাগারে রয়েছেন।









