জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘জুলাই বিপ্লবে শিক্ষার্থী ও শ্রমিক জনতা বুকের তাজা রক্ত ও জীবন দিয়ে দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। তরুণ ভোটাররা দেশের রাজনীতির গুণগত সংস্কার চায়। আমরা তাদের সাথে ঐকমত্য পোষণ করছি।’

রোববার (২২ জুন) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর কার্যালয়ে চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক চসিক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সাথে শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘দেশকে এগিয়ে নেয়ার স্বার্থে সংস্কারকে অগ্রাধিকার দিতে হবে। একইসাথে জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার পাশাপাশি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে। তাদের ত্যাগকে মূল্যায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ বিগত চারটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আসন্ন নিবার্চন অবাধ ও সুষ্ঠু হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ফলে মানুষের মধ্যে ভোটাধিকার ফিরে পাওয়ার উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দেশে একটি শ্রমিকবান্ধব সরকার গঠনের জন্য ইসলামপন্থী, সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। তবে সেই নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। মানুষ হানাহানির নির্বাচন ও রাজনীতি দেখতে চায় না। তারা সুস্থ ধারার রাজনীতি চায়। সন্ত্রাস ও অপরাজনীতি ঘৃণা করে। আর সেই নির্বাচনে যারা যোগ্য, দক্ষ ও সৎ প্রার্থী তাদেরই ভোটাররা নির্বাচিত করবেন। আমরা এ আসনের ভোটারদের কাছে এমন একজনই জনদরদি সমাজসেবককে উপহার দিয়েছি। আশা করছি, জনগণ তাকে বিজয়ী করবেন, ইনশাআল্লাহ।’

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

শামসুজ্জামান হেলালী বলেন, ‘চসিক কাউন্সিলর হিসেবে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আমি চেষ্টা করেছিলাম, আপনাদের আস্থার প্রতিদান ফিরিয়ে দিতে। ইনশাআল্লাহ, আগামী দিনেও মানুষের নাগরিক ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই।’

এ সময় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, অর্থ সম্পাদক মো: নুরুন্নবী, দফতর সম্পাদক স ম শামীম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, আইন সম্পাদক সাব্বির আহমেদ ওসমানি, ডবলমুরিং থানা সভাপতি আকরাম হোসেন জিহাদ, পাঁচলাইশ থানা সভাপতি মোহাম্মদ আমির হোসেন, সিএনজি অটোরিকশা সেক্টর সভাপতি বশির আহমদ, হালকা মোটরযানের সভাপতি কামাল উদ্দিন, বিদ্যুৎ সেক্টরের সভাপতি মাহবুবুর রহমানসহ সংসদীয় এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।