চট্টগ্রামের পটিয়ায় বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নুরুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন নারী ও পুরষ আহত হয়েছেন।

শুক্রবার (৩০ মে) দুপুর ১২টার দিকে পৌর সদরে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হক পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জলিলুর রহমান ফকিরের বাড়ির মরহুম নুরুল আবছারের ছেলে।

পুলিশ জানায়, চলাচলের পথ ও বসতভিটে নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে নুরুল হক মাথায় গুরুতর আঘাত পান। এ সময় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার পুলিশ অফিসার আবু জায়েদ মো: নাজমুন নুর বলেন, ‘এ ঘটনায় সেলিম (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’