পতিত ফ্যাসিস্ট সরকারের আমলের গণহত্যার বিচার দাবিতে ফেনী শহরে ‘জুলাই দ্রোহ’ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির।

শুক্রবার (১ আগস্ট) বাদ আসর শহর ও জেলা শাখার আয়োজনে মিজান ময়দান থেকে মিছিলটি বের করে নেতাকর্মীরা।

পরে মিছিলটি শহরের মিজান রোড, কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড ও বড় মসজিদ হয়ে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। কর্মসূচিতে শত শত ছাত্র অংশ নেয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য হাফেজ মাজহারুল ইসলাম।

এ সময় জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, ছাত্রশিবিরের শহর সভাপতি ওমর ফারুক, জেলা সভাপতি আবু হানিফ হেলাল, শহর সেক্রেটারি শফিকুল ইসলাম ও জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সারাদেশে খুনি শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করা হয়। ছাত্র-জনতার রক্তের উপর অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে আছে। এক বছর পরেও এখন পর্যন্ত জুলাই গণহত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের ঘোষণা দেয়া হয়নি। আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে।’

তারা বলেন, ‘জুলাই ঘোষণাপত্র, সংস্কার ও বিচার ছাড়া এ দেশের ছাত্র-জনতা কোনো নির্বাচন মেনে নেবে না। আমরা পড়ার টেবিলে আছি এ মুহূর্তে। আমাদের পড়ার টেবিল থেকে রাস্তায় নামাবেন না। সুতরাং দ্রুত জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে।’

তারা আরো বলেন, ‘ওরা আত্মগোপনে থেকেও দেশ ও জনগণের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্রে লিপ্ত। যেকোনো সময় তাদের অবৈধ অস্ত্র সাধারণ জনগণের উপর ব্যবহার হতে পারে। তাই সারাদেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং দাগি সন্ত্রাসীদেরকে দ্রুত সময় গ্রেফতার করতে হবে। এছাড়া যারা দেশব্যাপী চাঁদাবাজিসহ জনগণের স্বার্থবিরোধী কাজ করছে তাদেরও রুখে দিতে হবে।’