মুহাম্মদ ফজল করিম, ফটিকছড়ি (চট্টগ্রাম)
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপিঘোষিত প্রাথমিক মনোনয়ন প্রত্যাহার করে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অবসরপ্রাপ্ত) আজিম উল্লাহ বাহারকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে ফটিকছড়িতে মশাল মিছিল করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাজিরহাটে এ মিছিল করে তারা।
মিছিলটি নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে নাজিরহাট পৌরসভা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মশাল হাতে হাজারো নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মিছিলে অংশ নেওয়া বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানায়, ফটিকছড়ির রাজনৈতিক ইতিহাসে আজিম উল্লাহ বাহার জনগণের অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য মুখ। তাকে বঞ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরকে মনোনয়ন দেয়ায় তৃণমূল থেকে শুরু করে সাধারণ ভোটাররা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা অবিলম্বে ঘোষিত প্রাথমিক মনোনয়ন বাতিল করে আজিম উল্লাহ বাহারকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, গত সোমবার বিএনপি চট্টগ্রাম-২ আসনের জন্য সরওয়ার আলমগীরের নাম প্রাথমিক মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করলে ফটিকছড়ি বিএনপির একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বুধবারের মশাল মিছিলকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে এ নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে।









