টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দু’জনকে রিমান্ডে নেয়া হয়েছে।
রোববার (২৫ মে) রাতে সিরাজগঞ্জ থেকে ডাকাতদলের এই তিন সদস্যকে গ্রেফতার করে টাঙ্গাইল ডিবি পুলিশ। সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে তোলা হলে দু’জনকে পাঁচ দিনের রিমান্ড দেন বিচারক।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন, আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার ও মৃত ইমান আলী শেখের ছেলে জাহাঙ্গীর আলম।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থেকে ডাকাতদলের এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে বাসযাত্রীদের লুট হওয়া নগদ টাকা, স্বর্নালঙ্কার ও ১৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহাম্মেদ জানান, সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল সদর থানা আমলী আদালতে তোলা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ শুনানি শেষে সাব্বির হোসেন ও সিহাব সরকারকে পাঁচ দিনের রিমান্ড দেন।
এর আগে গত ২০ মে রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। এসময় যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, সোনা ও অন্যান্য মালামাল লুট করা হয়। তারা ডাকাতি শেষে টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকায় বাস রেখে চলে যায়।









