ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে দলটি।
পরে মিছিলটি জীবন বীমা মোড়, প্রেসক্লাব চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে আবারো দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন নগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব মাহফুজ উন ননী ডন।
তারা বলেন, নির্বাচন বানচাল করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জুলাই বিপ্লবের অন্যতম নেতা হাদির ওপর এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় সরকারের সমালোচনাও করেন তারা।
নেতাকর্মীরা আরো বলেন, এত বড় একটি ঘটনা ঘটলো অথচ সরকার ও নির্বাচন কমিশন নিশ্চুপ। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ওসমান হাদিকে আঘাত করা মানে জুলাই বিপ্লবের সকল শক্তিকে আঘাত করা।









