গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার মডেল কলেজ, সিআরপি নার্সিং কলেজ, সাভার সরকারি কলেজ, সাভার ল্যাবরেটরি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করছে।
এতে শিক্ষার্থীরা বলেছেন, ‘শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরাইলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা?’
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বরে একত্রিত হয়ে মিছিল নিয়ে সাভার সিটি সেন্টারের সামনে সমাবেশ করে। পরে তারা সাভার রেডিও কলোনি হয়ে আবারো ইয়ামিন চত্বরে গিয়ে কর্মসূচি শেষ করে।
এ সময় শিক্ষার্থীদের হাতে সেভ ফিলিস্থিন, ইসরাইলি পণ্য বয়কট- লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীরা সমাবেশে আরো বলেন, ‘গাজায় ইসরাইলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই।’
শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন যান চলাচলের জন্য মহাসড়কের দু’পাশ স্বাভাবিক ছিল। সাময়িক কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। বেশিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাশ ও পরীক্ষা ছিল বন্ধ।









