নোয়াখালীতে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দুপুরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতের নোয়াখালীর চৌমুহনী শহর শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান, জাতীয় সংসদের নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।

জামায়াত ইসলামী চৌমুহনী শহর শাখার আমির জসিম উদ্দিন সভাপতিত্বে ও চৌমুহনী শহর শাখার সহকারী সেক্রেটারি মো: নুর উদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য নাসিমুল গনী চৌধুরী মহল।

এতে বক্তব্য রাখেন মাওলানা ফখরুদ্দিন,নুরুল হোসাইন, আমির হোসেন, ডা: আহসান হাবিব প্রমুখ।

মাওলানা বোরহান উদ্দিন বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। আগামী নির্বাচনে কুরআনের বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে। এ জন্য আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকে বুকে ধারণ করে কুরআনের সমাজ নির্মাণের জন্য সামনে অগ্রসর হতে হবে, আমাদেরকে হিম্মত ও প্রজ্ঞার মাধ্যমে চেষ্টা করে যেতে হবে।’

তিনি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে ও আহত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে ছিল, আগামী দিনও থাকবে, ইনশাআল্লাহ।’