সুনামগঞ্জের দোয়ারাবাজার হাওরে কৃষিকাজে ব্যস্ত বাবাকে খাবার দিতে গিয়ে বজ্রপাতে আমির হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আমির হোসেন লিয়াকতগঞ্জ স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং বক্তারপুর গ্রামের ফজল হকের ছেলে।
এ দিন বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮মে) দুপুরে আমির হোসেন হাওরে কৃষিকাজে ব্যস্ত বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। পথে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ওই শিক্ষার্থীর মৃত্যুতে ভেঙে পড়েছেন।









