বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার নামে হাজারো অপকর্ম করেন। তিনি স্বাধীনতার চেতনা পরিপন্থী কাজের মাধ্যমে খুন, গুম, লুটপাট ও দুর্নীতি করেন।’

শনিবার (২১ জুন) সকালে যশোর জেলা জামায়াত আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তার অত্যাচার নির্যাতনে দেশবাসী ফুঁসে উঠেছিল। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে তার পরিণতি হয়েছে। হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেখানে বসেই ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। জাতি ঐক্যবদ্ধভাবে তার সব ষড়যন্ত্রের জবাব দেবে।’

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘জামায়াত আশা করে বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচনের পর জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে। জাতির প্রয়োজনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলকে মৌলিক বিষয়ে ঐকমত্য পোষণ করা উচিত।’

রুকন শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এ সময় জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন ও গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ।