রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা নাজমুল হুদাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় রংপুর মহানগরীর হনুমানতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজমুল হুদা গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের হাবু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহজাহান আলী জানান, গ্রেফতার নাজমুল হুদা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত রমজান আলী হত্যাচেষ্টা মামলার তদন্তে পাওয়া আসামি। তার বিরুদ্ধে বৈষম্যরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং গুলিবর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা আছে।
ওসি আরো জানান, গত বছর ৫ আগস্টের পর নাজমুল এলাকা ছেড়ে পালিয়ে গেলেও কিছুদিন আগে নগরীর হনুমানতলার বাদশা মিয়ার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
তাকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আদালতে তোলা হবে বলেও জানান ওসি।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো: মজিদ আলী জানান, নগরীতে চিরুনি অভিধান চালানো হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব মামলা হয়েছে তাদের সমস্ত আসামিকে গ্রেফতার করা হবে। এছাড়াও নির্বাচনকে সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করতে চায় তাদেরকেও আইনের আওতায় আনা হবে।









