বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘দলের চেয়ারপারসন ও দলনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবনই গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার লড়াই করেছেন।’
তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে খালেদা জিয়া ছিলেন সামনের সারির নেতৃত্বে।’
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া হাসপাতাল-সংলগ্ন মার্কেট মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন দাবি করেন, ২০০৭ সালে গ্রেফতারের সময় খালেদা জিয়া সুস্থ অবস্থায় নিজেই হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন। কিন্তু পরে ক্রমেই তার শারীরিক অবনতি ঘটে এবং তিনি হুইলচেয়ারে নির্ভরশীল হয়ে পড়েন।
সরকারের পরিকল্পিত অবহেলা ও প্রতিকূল পরিস্থিতির কারণে তার শারীরিক জটিলতা আরো বেড়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ‘গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার রক্ষার সংগ্রামে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব জনগণ আজও স্মরণ করে। এজন্য অসুস্থ খালেদা জিয়ার আরোগ্য কামনায় সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।’
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান এবং সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান বাইজিদ।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক শাহ আলম রনি মৃধা, স্বেচ্ছাসেবক দলের লৌহজং শাখার সাবেক সভাপতি মোসারফ হোসেন নসু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদ, শেখ জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান ব্যাপারী, ঢালী রাসেল, দেওয়ান জহির আমিন, এনামুল হক, কামাল খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।









