ফরিদপুরে মোটর ওয়ার্কাস ইউনিয়নের (১০৫৫) নির্বাচন দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় কিছু সময় বাস চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের পৌর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন না দিয়ে একটি মহল ঘরোয়াভাবে কমিটি করার পাঁয়তারা চালাচ্ছে, এমন অভিযোগে সাধারণ শ্রমিকদের ব্যানারে নির্বাচনের দাবিতে মানববন্ধন করা হয়। মানববন্ধন শুরুর পরপরই সেখানে একটি পক্ষ লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে পন্ড হয়ে পড়ে মানববন্ধন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা জানায়, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। ঘটনার সাথে আওয়ামী লীগের পলাতক নেতারা জড়িত রয়েছে।

ফরিদপুর মোটর ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, ‘নির্বাচনের নামে তারা ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের দখল নেয়ার জন্য মানববন্ধন করেছিল। সাধারণ শ্রমিকরা তাদের প্রতিহত করেছে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, আমরা উভয়পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার চেষ্টা করছি।