চুয়াডাঙ্গা শহরে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণ (৩৪) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে গুলশানপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাজমুল ওই এলাকার মরহুম জিন্নাত আলীর ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোররাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল কিরণের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বডি (অংশ বিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, তিনটি চাপাতি, ছয়টি বড় ছুরি, তিনটি রামদা, ছয়টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। অভিযান শেষে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হয়েছে।









