বগুড়া অফিস
বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজাসহ মো: রবিউল ইসলাম (২৫) নামে এক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত বালুভর্তি একটি ট্রাকও জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস এলাকায় বালুভর্তি টাকে তল্লাশি চালিকে গাঁজাসহ ওই ট্রাকচালককে আটক করা হয়।
আটক রবিউল দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের মো: মামুন আকন্দের ছেলে।
ডিবির ভারপ্রাপ্ত ওসি ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদের নেতৃত্বে ডিবির একটি দল সদর থানার বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক থেকে চালক মো: রবিউল ইসলামকে (২৫) আটক করা হয়। পরে তল্লাশি করে ট্রাকের বালুর ভেতর লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তায় মোট ৮০ আশি কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়।









