সিলেটে জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক সারওয়ার আলম। শহীদদের কবর জেয়ারত করে তাদের পরিবারের সাথে মতবিনিময় করেন। চার দিন আগে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

শহীদ পরিবারের সাথে আলাপকালে ডিসি সারওয়ার আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের শহীদদের কাছে আমরা ঋণী। তাদের আত্মত্যাগের কারণেই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে তারা জীবন উৎসর্গ করেছিলেন, সেই চেতনা সমুন্নত রাখতে আমরা সবাই দায়বদ্ধ।’

রোববার (২৪ আগস্ট) সকালে তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বীরদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

সকালে প্রথমেই তিনি কাকুরার মান্দার গ্রামে গিয়ে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন। এরপর শহীদ তারেক আহমদ ও ময়নুল হোসেনের কবর জিয়ারত করেন তিনি। সর্বশেষ শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের কবর জিয়ারত শেষে তাদের পরিবারের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন।

এ সময় তিনি আশ্বাস দেন যে প্রশাসন সর্বদা শহীদ পরিবারের পাশে থাকবে এবং তাদের প্রতি সম্মান ও যত্নের কোনো ঘাটতি থাকবে না।