মুন্সীগঞ্জ শহরে ইঞ্জিনিয়ার স্কুল অ্যান্ড কলেজের (বিএমটি) পেছনের কেচি গেটের সামনে থেকে ইয়াছিন (১৭) নামে তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের পাশে কলেজের পেছন গেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইয়াছিন বাবুল হাওলাদারের ছেলে। তিনি মাঠ পাড়া থাকেন বলে জানা গেছে।

স্থানীয়রা ধারণা করছেন, কেউ তাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করেছে।

জানা গেছে, অনিক ওরফে মানিক প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে স্টেডিয়ামের নিচে ইঞ্জিনিয়ার স্কুল অ্যান্ড কলেজের গেটে যায় সামনে গেলেই লাশটি দেখতে পায়। সেখান একটি কুকুর বের হলে মানিক ভেতরে তাকিয়ে দেখে গেটের সাথে একটি লাশ পড়ে আছে। এ সময় মোস্তাকিম নামে স্থানীয় এক দোকানদারকে জানালে তিনি জরুরি সেবা নাম্বারে (৯৯৯) কল দেয়। পরে পুলিশ এসে ওই তরুণের লাশ উদ্ধার করে।

মুন্সীগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির এসআই হরিচাঁদ বলেন, ‘আমারা খবর পেয়ে স্টেডিয়ামের নিচে একটি স্কুলের ভেতর থেকে এক তরুণের লাশ উদ্ধার করি। তবে কীভাবে মারা গেছে এটা খতিয়ে দেখা হচ্ছে। একদিকে সেনাবাহিনীর ক্যাম্প, অন্যদিকে জেলা পুলিশ সুপারের বাসভবন। তরুণের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন চলছে।’