বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, ‘আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমান সময়ে কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য এবং পরিকল্পিত কর্মপদ্ধতির বিকল্প নেই।‘

একই সাথে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন জামায়াতে ইসলামীর এই নেতা।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজশাহীতে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর উদ্যোগে ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের আমির, সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী আয়োজিত এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি মাওলানা ড. কেরামত আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও শাহাদাৎ হোসাইন।