সাভারের বিরুলিয়া রোডের বাসস্ট্যান্ড সংলগ্ন আজিম গ্রুপের গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড (জিকে) গামের্ন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে মঙ্গলবার সকালে (১৩ মে) ঢাকা-আরিচা মহাসড়কের ফুটওভার ব্রীজের নিচে অবরোধ করেছে।

শ্রমিকরা প্রথমে বিরুলিয়া রোডের জাতীয় অন্ধসংস্থা ও চৌরঙ্গী সুপার মার্কেটের মাঝখানে বিরুলিয়া অবরোধ করেন। পরে মহাসড়কে অবরোধ করলে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা এখনো কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছেন।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ড সংলগ্ন আজিম গ্রুপের জিকে গামের্ন্টস শ্রমিকদের এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবীতে মহাসড়কের ফুটওভার ব্রীজের নীচে সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ করেন। এ সময় ঢাকামুখী লেনের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে আসলে সমাধানের আশ্বাস পেয়ে বেলা ১১টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, এপ্রিল মাসের বেতন দেয়ার তারিখ ছিল আজ। তবে নানা জটিলতার কারণে আজকে বেতন দিতে না পারায় আগামী ১৮ মে বেতন দেয়ার দিন ধার্য করা হলে শ্রমিকরা তা না মেনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম সুজন জানান, শ্রমিকদের দাবী ন্যায্য। এপ্রিল মাসের বকেয়া বেতন তিনি যতদ্রুত সম্ভব পরিশোধের জোর দাবী করেন। মূলত তাদের বাৎসরিক ছুটির টাকা না দেয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেন তিনি।

এদিকে সাজের্ন্ট ফিরোজ বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে সেনাবাহিনী, শিল্পপুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।