সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মহানগরবাসীকে সচেতন করার লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন মহানগরীর প্রতিটি ঘরে ঘরে হাম রোগ প্রতিরোধে সচেতনতার বার্তা পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন।

এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডজুড়ে হাম প্রতিরোধে শুক্রবার (৩ এপ্রিল) থেকে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

এই কার্যক্রমের মাধ্যমে হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার বিষয়ে মহানগরবাসীকে অবহিত করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ দেন।

এ ব্যাপারে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘হাম একটি সংক্রামক রোগ। জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো টিকাদান নিশ্চিতকরণ এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। মহানগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন মহানগরবাসীকে হাম রোগ প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদান এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার সকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে হাম প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমান আরা বেগম উপস্থিত থেকে স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের হাতে হাম প্রতিরোধবিষয়ক লিফলেট তুলে দেন।

এ সময় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, ‘হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রশাসক মাহফুজুর রহমান রিটন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়ে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দিয়েছেন। শুক্রবার থেকে ৩০টি ওয়ার্ডে একযোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হাম প্রতিরোধে করণীয়বিষয়ক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও সচেতনতা সৃষ্টি করছেন।’

তিনি আরো বলেন, ‘হাম রোগ প্রতিরোধযোগ্য। নয় মাস থেকে ১৮ মাস বয়সের শিশুকে দুই ডোজ হামের টিকা দিলে এ রোগ থেকে শিশুদের ঝুঁকিমুক্ত, নিরাপদ ও সুস্থ রাখা সম্ভব। শিশুর বয়স নয় মাস পূর্ণ হলে প্রথম ডোজ হাম ও রুবেলা টিকা দিতে হবে। শিশুর বয়স ১৫ মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ হাম ও রুবেলা টিকা দিতে হবে। ছয় মাস পর্যন্ত শিশুকে কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন। রাজশাহী সিটি করপোরেশন থেকে বিনামূল্যে এ টিকা প্রদান করা হচ্ছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বাক্কার কিনু, সিটি হাসপাতালের ডা: তারিকুল ইসলাম, ডা: নাসরুল্লাহ দেওয়ান, ভ্যাটেরিনারী সার্জন ড. ফরহাদ উদ্দিন, ডা: তামান্না বাসার, ডা: উম্মুল খায়ের ফাতিমা, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্তসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।