‘বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে প্রস্তুত রয়েছে। আর সে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। বিএনপি’র প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে’ বলে জানিয়েছেন বিএনপির চেয়রপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ‘মানুষ বিএনপিকে ভোট দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। বর্তমান সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে সেই নির্বাচনে বিএনপি অংশ নিয়ে জনগণের ভোটে ক্ষমতায় যাবে। দীর্ঘ ১৬ বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসছেন।’

তারেক রহমান যে কোনো সময় বাংলাদেশে আসবেন বলে জানিয়ে আমান উল্লাহ আমান বলেন, ‘অন্যায় যে বা যিনি করুন না কেন তার কঠোর বিচার হবে।’

তিনি আরো বলেন, ‘ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকে গুম হয়েছে, ১৬ বছরে যুবনেতা, ছাত্রনেতারা শহীদ হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কোন দলকে কোন প্রতীক বরাদ্ধ দেবে সেটা একান্তই তাদের বিষয়।’

এসময় উপস্থিত ছিলেন- সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, যুবদল নেতা শাওন সরকার প্রমূখ।