চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও একটি বারুদবিহীন গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ৭১/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো: আছর আলীর বাঁশবাগানে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। হাবিলদার মো: জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে একটি পরিত্যক্ত দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান) এবং বারুদবিহীন একটি গুলি উদ্ধার করা হয়।

রাত ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক আবু হানিফ মো: সিহানুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জীবননগর থানায় জমা দেয়া হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।