কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে ডাম্পট্রাকের ধাক্কায় মোহাম্মদ নিশাদ (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি পালংখালী এলাকার স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ভারী ডাম্পট্রাক শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নিশাদকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাজেদুল হক শাউন মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণসামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত ভারী যানবাহন, বিশেষ করে ডাম্পট্রাক ও ট্রাক নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে পালংখালীসহ উখিয়ার বিভিন্ন সড়কে। এসব যানবাহনের বেশিভাগেরই ফিটনেস নেই, চালকরাও লাইসেন্সবিহীন কিংবা অপ্রশিক্ষিত। দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে নেই কোনো গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা।