বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের বাসাইলে বন্ধুদের সাথে বেড়াতে এসে পানিতে ডুবে জাহিদুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার পিকনিক স্পর্ট বাসুলিয়ায় (চাপড়া বিল) এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে। জাহিদুল মোটরসাইকেল মেরামতের কাজ করতো। তারা সাত বন্ধু মিলে বাসুলিয়ায় বেড়াতে এসেছিল।

জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ সাত বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাসুলিয়ায় বেড়াতে আসে। পরে দুপুর দেড়টার দিকে তারা সেখানে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামে। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল আবারও নৌকা থেকে লাফ দিয়ে পানিতে ডুব দেয়। এ সময় তার বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামে। কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

জাহিদুলের বন্ধু ইমন বলেন, চাপড়াবিলের হিজল গাছের কাছে আমরা সাত বন্ধু গোসল শেষে ফেরার পথে জাহিদুল আবার পানিতে লাফ দিয়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহিদুলের পরিবার অসচ্ছল। তার উপার্জনের টাকা দিয়ে সংসার চলতো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বাসাইল থানার এসআই ফরিদ আহমেদ বলেন, নিহতের লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবার এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।