কুমিল্লার দেবিদ্বারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে গরু হত্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে আর্থিক সহায়তা করেছেন দেবিদ্বারের কৃতি সন্তান ও নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি ভিডিও কলে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের খোঁজ নেন।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে হাসনাত আব্দুল্লাহর নির্দেশে দেবিদ্বার নাগরিক পার্টির নেতাকর্মীরা ওই পরিবারকে ঈদ উদযাপনের জন্য নগদ এক লাখ টাকা উপহার দেন।

এ সময় জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক কাজী নাসির, সদস্য মো: সিয়াম আহমেদ, জালাল আহমেদ খান, আহাম্মেদ শুভ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার (১ জুন) দুপুর ২টার দিকে দেবিদ্বারের ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের কৃষক তাজুল ইসলামের তিনটি গরু বিষ প্রয়োগে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কৃষক তাজুল ইসলাম ও তার স্ত্রীর আর্তনাদে ভারী হয়ে উঠে আকাশ-বাতাস। ঘটনাটি দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত হলে নজরে আসে জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর।