বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক নারীর গলা ও হাত পায়ের রগ কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম রাঙ্গা ঝিড়ি এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত ওই নারীর নাম তৈয়বা বেগম (৪২)। তিনি ওই এলাকার রাবার বাগানের শ্রমিক সিরাজুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে, ধর্ষণের পর দুর্বৃত্তরা ওই নারীর গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করে থাকতে পারে।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে তৈয়বা বেগম বেশ কিছু গরু নিয়ে রাঙ্গা ঝিরি এলাকায় চড়াতে যান। দিনশেষে ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে রাতে ওই এলাকায় গলা ও হাত পায়ের রগ কাটা অবস্থায় লাশ দেখতে পায়। পুলিশকে খবর দিলে কাগজি খোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা রাতে তার লাশ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান কাজেমী জানিয়েছেন, ঘটনাস্থলটি খুবই দুর্গম এলাকা। পুলিশ রাতে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।





