যমুনা নদীতে ডুবে যাওয়ার তিন দিন পর কলেজ শিক্ষার্থী মেরাজুল ইসলাম তমালের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে।
এর আগে বুধবার (১১ জুন) নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে পড়েন তিনি।
নিহত তমাল বগুড়ার শাজাহানপুরে উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের শাজাহানপুর দক্ষিণ শাখার ওয়ার্ড সভাপতি ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সকালে পরিবারের সাথে কাজিপুর উপজেলার মেঘাইঘাটে নানার বাড়িতে বেড়াতে যায় তমাল। পরে ওইদিন দুপুরে মামাতো ভাইয়ের সাথে যমুনা নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে নিখোঁজ হয়ে পড়ে তমাল। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। টানা দুই দিন চেষ্টার পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তিন দিন পর শুক্রবার সকাল ৯টার দিকে নিখোঁজ স্থানে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
এদিকে তমালের মৃত্যুতে জামালপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও সহপাঠীসহ ছাত্রশিবিরের নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।









