ঢাকার নবাবগঞ্জে নিখোঁজের ৬ দিন পর ডোবার কচুরিপানার মধ্য থেকে শহিদুল (২১) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার নিকড়া আড়িয়ালবিল শংকরখালী এলাকার রাস্তার পাশে কুচুরিপানার মধ্যে থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক শহিদুল শংকরখালী এলাকার চুন্নু বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে পথচারীরা রাস্তার পাশে ডোবা কুচুরিপানার ভেতরে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ধারণা করা হয়, শহিদুলের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যায়।
গত ৩ মে (শনিবার) শহিদুল নিখোঁজ হন। সেদিন খোঁজাখুঁজির পর তুলসীখালি ব্রীজের কাছে লুটে নেয়া অটোরিকশাটি রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
শহিদুলের মা বলেন, ‘আমার ছেলে (৩ মে) বাড়ি থেকে রিকশা নিয়ে বের হলে রাতে বাড়ি না আসলে আমরা অনেক খোজাঁখুজি করি। এসময় আমার ছেলের মোবাইল বন্ধ পাই। এরপর থেকে সে ৬ দিন ধরে নিখোঁজ। আজকে খবর পেয়ে দেখি আমার ছেলেকে খুন করে তার অটোরিকশা নিয়ে পালিয়েছে। আমি আমার ছেলের খুনির উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ শনাক্ত করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অটো রিকশা ছিনতাই করে নিয়ে গামছা দিয়ে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।‘









