দেশের মাটিতেই ফ্যাসিস্ট-লুটেরাদের বিচার হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাড়ে ১৫ বছরে এদেশ লুট করেছে, খুন ও গুম করেছে, জুলুম করছে, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, গরীবের টাকা মেরে বিদেশে পাচার করেছে। তাদের আর এ দেশে ঠাঁই হবে না। দেশের মাটিতে এই ফ্যাসিস্ট-লুটেরাদের বিচার হবে ইনশাআল্লাহ।’

সোমবার (২৩ জুন) বিকেলে নীলফামারী বড় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘আজকে দেশের হাজারো গরীবের ত্রাণের চাল যাদের গুদামে পাওয়া যায়, গরীবের চাল যারা খাদ্য গুদামে বোঝাই করে রাখে। গরীবের হক যারা মেরে খায় বাংলাদেশের মানুষ আর তাদের দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চায় না।’

তিনি বলেন, ‘ইসলামি দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট ও চাঁদাবাজ ক্ষমতায় আসতে পারবে না। ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে এ দেশে ইসলামি ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলীর সভাপতিত্বে জনসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

এতে বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম ও ইসলামী যুব আন্দোলনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ আবু তালহা।

জনসমাবেশে নীলফামারীর চারটি আসনের মধ্যে তিনটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। প্রার্থীরা হলেন নীলফামারী-২ আসনে অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আমজাদ হোসেন ও নীলফামারী-৪ আসনে শহিদুল ইসলাম।