দক্ষিণ বঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন, হাদীস শাস্ত্রের বিশিষ্ট পণ্ডিত ও ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রাক্তন প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল হক (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৭ জুন) পটুয়াখালীর একটি হাসপাতালে সকাল সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাওলানা আব্দুল হক ছিলেন ১৮০০ শতাব্দীর খ্যাতিমান সুফি সাধক ও মোজাদ্দিদ হযরত শাহ সূফী খাজা ফয়জুদ্দিনের (রহ.) মেয়ে কুলের দৌহিত্র। তিনি ছিলেন ঐতিহ্যবাহী নেছারাবাদ দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম কায়েদ ছাহেব হুজুরের (রহ.) একান্ত সহচর ও অন্তরঙ্গ অনুসারী।

সততা, বিনয়, নিরহংকার জীবনাচার এবং গভীর ইলমী মেহনতের জন্য তিনি দক্ষিণাঞ্চলে ছিলেন অগণিত আলেম, তালিবে ইলম ও ধর্মপ্রাণ মানুষের নিকট শ্রদ্ধার পাত্র। অনেকেই তাকে ‘জীবন্ত হাদীস গ্রন্থ’ বলে আখ্যায়িত করতেন। কারণ তিনি শুদ্ধ সনদ ও বিশুদ্ধ বর্ণনার মাধ্যমে বহু হাদীস মুখস্থভাবে পাঠ ও ব্যাখ্যা করতেন।

মরহুমের নামাজে জানাজা আজ বিকেল ৫টার দিকে তার নিজ গ্রাম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নুরিয়াবাদ গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দেশের আলেম সমাজ, শিক্ষার্থী ও ধর্মানুরাগী মহলে তার ইন্তেকালে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠান ও দরবার শরীফ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকবার্তা প্রদান করা হয়েছে।