জুলাই ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ ইঞ্জিনিয়ার মো: ওমরের লাশের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের আদেশ দিয়েছেন আদালত। চলতি বছরের গত ২৯ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

এ আদেশে কার্য সম্পাদনে গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক আদেশে বোয়াখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমাকে নিয়োগ প্রদান করেছেন।

আদেশে আরো বলা হয়, ঢাকার উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর-২১(৮)২৪, জি.আর মামলা নম্বর-৩০৪/২৪ এর ভিকটিম ওমর বিন নুরুল আবছার (২২) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। দেশের পারিপার্শ্বিকতার কারণে ভিকটিমের অভিভাবকরা সুরতহাল, ময়নাতদন্ত এবং স্থানীয় পুলিশকে অবগত বা অবহিত না করে ওমরের লাশ ২০২৪ সালের ৫ আগস্ট পরিবারের লোকজন শহীদ ওমরের নিজ গ্রামে বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী গ্রামের কবরস্থানে দাফন করেন। ফলে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হয়নি। তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ভিকটিম ওমরের লাশ কবর হতে উত্তোলনের জন্য আদালত এ আদেশ প্রদান করা হয়।

এ অবস্থায় বোয়ালখালী থানা ও উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (ওসি) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা নিহত ওমরের লাশ কবর হতে উত্তোলনে সহযোগিতা করবেন।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ রহমত উল্লাহ নয়াদিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।