মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পরদিন পুকুর থেকে ভাসমান অবস্থায় নবম শ্রেণির এক মাদরসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হকের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাদরাসাছাত্রী লামিয়া আক্তার (১৫) একই গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে মোবাইলে একটি ফোন পেয়ে ঘর থেকে বের হন লামিয়া। এরপর তার আর কোনো খোঁজই পায়নি পরিবার। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় লামিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। আর ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।