বরগুনায় প্রতিদিনই বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সংখ্যা। একইসাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ হাজার ২৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৩৩ জনের। প্রতিদিন হাসপাতালে অন্তত দেড় শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। তবে সদর উপজেলার পর বর্তমানে বিভিন্ন উপজেলার মধ্যে পাথরঘাটায় বেড়েছে এ আক্রান্ত সংখ্যা।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৫ জন রোগী। জেলার অন্য হাসপাতালে ভর্তি রয়েছেন আরো ১৮ জন। এরমধ্যে বামনায় ও তালতলীতে চারজন করে মোট আটজন, পাথরঘাটায় নয়জন এবং আমতলীতে একজন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১২৪ জন রোগী। জেলার বিভিন্ন হাসপাতাল আরো আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৫১ জন।

এ বছর এখন পর্যন্ত বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত মোট ৪ হাজার ২৩ জন রোগীর মধ্যে শুধু জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৪৮৭ জন। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এখন পর্যন্ত ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২৩২ জন। এছাড়া আমতলীতে ৪৯, বেতাগী ৪০, বামনায় ১৩৭ ও তালতলীতে ৭৮ জন আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে বরগুনা সিভিল সার্জন ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাসেবায় সক্ষমতা অর্জন করেছে। আমাদের যদি সক্ষমতা আরেকটু বাড়ানো যায়, বিশেষ করে আইসিইউ সুযোগ-সুবিধা যুক্ত হয় তাহলে আমরা জটিল রোগীদেরও চিকিৎসা দিতে পারবো।’