বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা
বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের চাপায় একসাথে দুই ভাই নিহত হয়েছেন। এছাড়া ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের মঞ্জুর ফিলিং স্টেশন সংলগ্ন প্রয়াস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে মো: আকাশ (২৫) ও মো: আরিফ (২১)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্কুলের সামনে একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী আকাশ (২৫)। পরে গুরুতর আহত অবস্থায় নিহতের ভাই আরিফকে (২১) হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন- নিহতের মামা মো: হায়দার আলী (৫০), মো: আব্দুল আজিজ (৩৮) ও মো: পলাশ (৩৫)। তাদের সবাইকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর বাসচালক পালিয়ে যান। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিটি শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
অন্যদিকে শনিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে বগুড়া শহর বাইপাস রোডে একটি বাসের চাকা ফেটে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে রিকশার ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
আহতরা হলেন- মো: শাকিল (২৮), মোছা: রেশমী (৩২), মোছা: দোলেনা (৫০), মোছা: সালমা (৪৮), মো: মোকছেদুল (৫০) ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। আহত আরো দু‘জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ পৃথক দুই দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।









