ফেনীতে কুয়েত ও ইরাক ফেরতদের তৃতীয় কিস্তির টাকা পাওয়ার দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিদেশ ফেরত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দলের চেয়ারম্যান মো: আবু আহমেদ ভূঁঞার সভাপতিত্বে সভায় নোয়াখালী জেলা সভাপতি মো: বাবুল মিয়া, সহ-সভাপতি আবু তাহের, ফেনী জেলা সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি জয়নাল আবেদীন ও মহিউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো: বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন ভূঁঞা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় আবু আহমেদ ভূঁঞা বলেন, ‘আওয়ামী লীগ সরকার আমলে কুয়েত ও ইরাক প্রত্যাগতদের টাকা বাংলাদেশে এসেছে। সেই টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রবাস ফেরতদের টাকা দ্রুত সময়ের মধ্যে না দিলে সারাদেশে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘শরীরের এক ফোঁটা রক্ত থাকতেও আমাদের টাকা ফেরত না দেয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রয়োজনে মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেয়া হবে।’