মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

বুধবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জমি নিয়ে শাজাহান হাওলাদারের সাথে একই এলাকার ইসমাইল মোল্লার দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে দুপুরে ইসমাইল মোল্লা লোকজন নিয়ে শাজাহান হাওলাদারের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে মোল্লা গ্রুপের লোকজনের বিরুদ্ধে। এদিকে বাধা দেয়ায় শাজাহান হাওলাদারের পক্ষের লোকজনের ওপর হামলা চালায় তারা। এ সময় চারজনকে কুপিয়ে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি থমথমে হওয়ায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।