বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘হাসিনার দোসরদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে কোনো স্থান নেই। তারা ভিন্ন রূপ ধারণ করে কৌশলে দলে প্রবেশ করার চেষ্টা করবে। তাদের থেকে সাবধান থাকতে হবে।’
সোমবার (১২ মে) জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের উদ্যোগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের জন্মের মাধ্যমে বাঙালি জাতি এক সূর্য সন্তানকে পায়। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার শাসনামলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন তিনি। তার জীবনের বৈশিষ্ট্য হচ্ছে দেশের সঙ্কটে বারবার ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হওয়া। দেশকে তিনি সঙ্কট মুক্ত করেছেন। নিজে অস্ত্রহাতে স্বাধীনতা যুদ্ধ করেছেন।’
শেখ হাসিনাকে উৎখাতের পরে নতুন বাংলাদেশের মুক্ত পরিবেশে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আইনজীবী ফোরামকে শক্তিশালী করতে চাই বলেও জানান এ নেতা।
ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মো: আলী আসগারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সভায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মিলন, যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহবুব, কামাল হোসেন, মোহাম্মদ আলী, বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম (১), জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু, পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ, অ্যাডভোকেট মো: শাহাদৎ হোসেন সহল প্রমুখ।





