বিমান দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুকা বেগম নিপুর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে কলেজ মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ জেড এম আরিফ হোসেনর সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের ইংরেজি বিভাগরে প্রভাষক শাহদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: শাহআলম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম, জামাল হোসেন, নিহত মাসুকা বেগম নিপুর সহপাঠী মো: সোলাইমান হোসেন, মারুফ হাজারি, দোলোয়ার হোসেন, নিহতের ভাগ্নি ফাহমিদা খানম নিধি, ভগ্নিপতি খলিলুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘ছোট ছোট শিশুদের প্রাণ বাঁচাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষক মাসুকা বেগম নিপু যে আত্মত্যাগ দিয়েছেন তা জাতির কাছে চিরভাস্বর হয়ে থাকবে। মাসুকা তার জীবদ্দশায় শিক্ষাজীবনের প্রতি খুবই অনুরাগী ছিল। তার মৃত্যুতে দেশ একজন ভালো মানুষ এবং মেধাবী শিক্ষককে হারিয়েছে।’
বক্তারা শিক্ষক মাসুকা বেগম নিপুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সভা শেষে শিক্ষিকা মাসুকা বেগম নিপুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: শাহআলম।









