আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের অন্ধকারে একটি হিন্দু পরিবারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় তিন পরিবারের আটজন আহত হয়েছেন।

আজ শনিবার সকালে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: সোহানুর রহমান সোহাগ ও অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শনে যান।

এর আগে, শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় বারখাইন ইউনিয়নের ঝিউরি গ্রামে ডা. রঞ্জিত দত্তের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত বিজয় দত্ত জানান, রাত আড়াইটার দিকে মই বেয়ে ছাঁদের উপর দিয়ে ঘরে ডুকে ডাকাত দল। আশপাশের প্রতিটি ঘরের সামনেও ডাকাত দলের সদস্যরা ছিল।

তিনি জানান, প্রায় ১৬ থেকে ২০ জন হবে ডাকাতদলের সংখ্যা। তারা সবাই চাপাতি, পিস্তলসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। এ সময় তারা ঘরে ডুকে ঘরের সদস্যদের উপর হামলা করে এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। পরবর্তীতে বের হয়ে যাওয়ার সময় আমাদের প্রতিবেশীদেরও হামলা করে।

আহতদের মধ্যে রয়েছেন জুয়েল দত্ত (৪৫), বিজয় দত্ত (৪০), তমা দত্ত (১৪), শান্তা দত্ত (৩৫), টিটু (৩৮), উত্তম (২৫), শম্বু (৬০) ও নিতাই (৫৫)।

পুলিশের এই কর্মকর্তারা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভোক্তভোগীদের ভাষ্য মতে, এটি একটি পরিকল্পিত ঘটনা। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তারা।