বগুড়ায় হিটস্ট্রোকে আবু সামাদ (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফরহাদ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু সামাদ জেলার সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। সে দুপুরের দিকে রিকশা চালিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বকশীবাজার মোড়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে পাশের একটি ভবনের দেয়ালের সাথে ঠেস দিয়ে বসিয়ে দেন। কিছুক্ষণ পরেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ধারণা অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার বগুড়ায় এ মওসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।









