সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সামাজিক মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যুবদল নেতা বেনজির আহমেদ তাবরিজের নেতৃত্বে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিলে যোগ দেন নেতাকর্মীরা।
এ সময় যুবদল নেতা বেনজির আহমেদ তাবরীজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জনগণের জানমাল রক্ষায় সরকারকে দ্বায়িত্বশীল ভূমিকা নেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর দেশের অবনতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে তারেক রহমানের নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই তারেক রহমানকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য সাধারণ মানুষ বরদাস্ত করবে না।’
সমাবেশে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানানো হয়।









