গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি মানববন্ধন করেছে বান্দরবান প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে আহ্বান জানান।
এ সময় মানববন্ধনে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এন এ জাকির, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, সাংবাদিক বুদ্ধ জ্যোতী চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সদস্য কৌশিক দাশ গুপ্তসহ বান্দরবানের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।









