নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতে ঢাকার সমাবেশের ব্যানার লাগানোর সময় মো: আলী আকবর শেখ(৫০) নামের জামায়াতে ইসলামীর এক রুকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে নজরুল নামের যুবলীগের স্থানীয় এক ক্যাডার।

এ ঘটনায় বৃহস্পতিবার ফতুল্লা থানায় একটি অভিযোগ করেছেন আহত জামায়াত নেতা।

আলী আকবর শেখ জানান, ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশের প্রচারের লক্ষে প্রোগ্রামের ব্যানার লাগানোর সময় যুবলীগ ক্যাডার নজরুল ইসলাম নামের তাকে ফোন করে মাদরাসার সামনে আসতে বলেন। পরে কৌশলে একটি গলির ভেতরে নিয়ে গিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালানো হয়।

তিনি বলেন, নজরুল প্রথমে কিল-ঘুষি ও লাথি মারে। পরে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় কোপ মারতে যায়। কোপটি গলায় না পড়ে মাথায় লাগে। আমি মাটিতে লুটিয়ে পড়লে সে গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। অভিযুক্ত নজরুল ইসলাম স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ চলাকালে এক ছাত্রকে হত্যার মামলাও রয়েছে।

জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী শাখার প্রচার সম্পাদক আব্দুল মোমিন জানান, ‘আলী আকবর জামায়াতে ইসলামীর একজন নিবেদিত রুকন। জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক থানার (পশ্চিম) রুকন হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।’

ব্যানার লাগানোর মতো একটি শান্তিপূর্ণ কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। এটা অত্যন্ত নিন্দনীয় ও রাজনৈতিক সহিংসতারই বহিঃপ্রকাশ। হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে। আইনানুগব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।