বাবার সারের ডিলারের ভাগ না ছাড়ায় বড় ভাইকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে ছোট ভাই। দীর্ঘ ২৪ দিন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে জীবনের নিরাপত্তার জন্য সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী রুমন সরকার।
রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে জামালপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বড় ভাই রুমন সরকার অভিযোগ করে বলেন, ‘আমার বাবা জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পোগলদিঘা ইউনিয়নের চেঁচিয়াবাধা গ্রামের মরহুম ইদ্রিস আলী সরকার গত বছর মারা যান। বাবার মৃত্যুর পর তার নামে বিসিআইসির সারের ডিলারশীপসহ বাবার বিভিন্ন ব্যবসা এককভাবে ভোগদখল করতে মরিয়া হয়ে ওঠে আমার বড় ভাই রুমেল সরকার। বাবার ব্যবসায় আমার কোনো অধিকার থাকবে না মর্মে দীর্ঘ দিন ধরে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে আমার ওপর চাপ প্রয়োগ করে আসছিলো।’
‘গত ১৮ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে বড় ভাই রুমেল সরকারের নির্দেশে ছোট ভাই রাজিক রানা আমাকে লাঠি দিয়ে পিটিয়ে বাম হাত ও বাম পা ভেঙে দিয়েছে। তারা এক পর্যায়ে আমাকে খুন ও গুম করার চেষ্টা করে। আমি কোন উপায় না দেখে ৯৯৯ লাইনে ফোন করি। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। পুলিশ প্রথমে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা আমার অবস্থার অবনতি দেখে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। দীর্ঘ ২৪ দিন হাসপাতালের বিছানায় পড়ে ছিলাম আমি। অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছি না। ঘটনার দিন পুলিশ আমার ওপর হামলাকারী ছোট রাজিক রানাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের লোকজন আপোস মিমাংসার কথা বলে মুচলেকা দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু আপোস মীমাংসা না করে আবারো আমাকে মারপিটের হুমকি দিয়ে আসছে। বর্তমানে আমি স্ত্রী সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। এ বিষয়ে সরিষাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। তারা আমাকে মিথ্যা মামলা দেয়ারও হুমকি দিচ্ছে। আমার ধারণা তারা আমাকে হত্যার ষড়যন্ত্র করছে।’
অভিযুক্ত রাজিক রানা এ বিষয়ে বলেন, ‘আমার বিরুদ্ধে নাটক সাজিয়ে বাবার সম্পদ ও তার অপকর্ম গোপন করার চেষ্টা করছে। আমি তো বাবার কোথায় কি আছে জানিই না। আমি রাজধানীতে পড়াশোনা করেছি।’
তিনি আরো বলেন, ‘চাকরি করার ইচ্ছা ছিল। কিন্তু সে আমাকে চাকরি করতে দেয়নি। বিদেশে যাবার জন্য ২ লাখ টাকা রেখেছিলাম। যখন বিদেশ যাওয়ার সবকিছু ঠিকঠাক তখন টাকা দেয়নি। দুঃখ কষ্টে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছি। ঘটনার দিন আমার সাথে কথা কাটাকাটি ধাক্কাধাকি হয়েছে।’





