মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে এক ডাকাত দম্পতি গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে দুটি অগ্নিশস্ত্র, গুলি এবং ডাকাতির সময় লুট করা টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমিরাবাদ বাজার থেকে চুনতি বাজারের দিকে যাওয়ার সময় আধুনগর ইউনিয়নের আধুনগর খাসমহল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে পুলিশ সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড ৭.৬২ মিমি চায়না গুলি, লুট করা টাকা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
গ্রেফতার দম্পতি হলেন মো: মনজুর আলম (৫১) ও হাছিনা বেগম (৪০)। তারা উভয়েই বাঁশখালী থানার শেখেরখীল গুলুল্যাখালী মাইজপাড়ার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে মনজুর আলম জানায়, সে তার সহযোগীদের সাহায্যে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে এবং গত বৃহস্পতিবার রাতে পটিয়া থানা এলাকায় একটি বাড়িতে ডাকাতি করেছিল। ডাকাতির সময় স্থানীয়দের ধাওয়া পেয়ে তারা লুটপাটের জিনিসপত্র আধুনগরের খাসমহল এলাকায় একটি পরিত্যক্ত ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল। পরে সুযোগ বুঝে স্ত্রীর সাহায্যে সেগুলো নিতে যাচ্ছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, চুনতি এলাকায় পুলিশি অভিযানের খবর পেয়ে তারা ঘটনাস্থলে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করছিল। পুলিশ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।





