চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল ১৪ বছরের এক কিশোরীর বাল্যবিয়ে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে গিয়ে বিয়ের আয়োজন ভণ্ডুল করেন এবং কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে ওই কিশোরীর বিয়ে সম্পন্ন করা হয়। সোমবার ছিল আনুষ্ঠানিক ভোজ ও কনেকে স্বামীর বাড়ি পাঠানোর দিন। তবে তার আগেই বিষয়টি ইউএনও’র নজরে এলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহ বন্ধ করে দেন।

বিয়ে আয়োজনের জন্য কনের বাড়ি ও স্থানীয় তালুকদার ক্লাবে প্রস্তুতি চলছিল। কিন্তু ইউএনও অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেন। পরে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়েটিকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে তিনজন অভিভাবকের জিম্মায় দেয়া হয়।

অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘আকস্মিকভাবে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। যাচাই করে বাল্যবিয়ের সত্যতা পাওয়া যায়। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত আমাদের জানাতে হবে, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব।’